
র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, “আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।”
সোমবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধকল্পে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাব বিলুপ্তি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, এ নিয়ে কী ভাবছেন জানতে চাইলে তিনি বলেন,“আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো, কীভাবে অপরাধ দমন করবো, কীভাবে সাধারণ মানুষকে একটু স্বস্তিতে চলাফেরা করার সুযোগ দেবো যেন তারা ছিনতাইয়ের সম্মুখীন না হয়, চাঁদাবাজের সম্মুখীন না হয়, দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণ না ঘটে।
আমরা এই অপরাধগুলো নিয়ন্ত্রণে আনতে কাজ করছি। এই অপরাধীদের গ্রেফতার করার জন্য আমরা সবচেয়ে বেশি চিন্তাভাবনা করছি। সুতরাং র্যাব বিলুপ্ত হবে কি হবে না, এ নিয়ে এই মুহূর্তে আমরা কোনো চিন্তাভাবনা করছি না, এটা সরকার দেখবে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সামনের নির্বাচনের জন্য সরকার আমাদের যে দায়িত্ব দেবে বা নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, সে দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা ৫ আগস্টের পরে এই পর্যন্ত দেখছেন যে র্যাব কীভাবে কাজ করছে। আমরা দেশে যে যে কোনো ধরনের বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে সেখানে যাই এবং কাজ করি। আমরা মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছি।”
তিনি আরও বলেন, “গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটলো, এটা আমরাই প্রথম আসামি গ্রেফতার করি। পরে পুলিশ এবং আমরা যৌথভাবে এ পর্যন্ত আটজন আসামি গ্রেফতার করেছি। এই যে আট টুকরা লাশ ফেলে রাখার ক্লুলেস একটা মার্ডার, সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা ডিটেক্ট করি এবং তিন আসামিকে গ্রেফতার করি।”
এ কে এম শহিদুর রহমান বলেন, “কক্সবাজার এলাকায় আমাদের মাদকবিরোধী ব্যাপক অভিযান চলছে এবং বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছি, অস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি যে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং এইভাবে কাজ করে যাচ্ছি।”
নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি দিনদিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হবো।”
৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের উদ্ধার অভিযান চলমান। এই অভিযান আরও জোরদারের চেষ্টা করবো। নির্বাচনের পূর্বে লুণ্ঠিত অস্ত্রের যতটুকু বাকি আছে, সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবো।”
এর আগে বাজার পরিদর্শনের বিষয়ে তিনি বলেন,“নিষিদ্ধ পলিথিন আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আমাদের দেশের ট্রেডিশনাল ক্রাইম হয়তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু পরিবেশ যদি আমরা নষ্ট করি, পরিবেশের ওপর যে আক্রমণ সেটি কিন্তু আমাদের মানবজাতি বা প্রাণীজগতকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং, আমরা যেন পরিবেশ নষ্ট না করি, আমাদের পরিবেশ যেন ঠিক থাকে সেজন্য পরিবেশ মন্ত্রণালয়ের পলিথিনবিরোধী অভিযানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। এই নিষিদ্ধ পলিথিন যেন ব্যবহার না হয়, এটা যেন বন্ধ করা যায় সেজন্য আমরা একযোগে কাজ করবো।”
তিনি আরও বলেন, “পলিথিন যেখানে তৈরি হয় সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে বন্ধ করবো। এটা যে পরিবহন হয় সেই পরিবহনে আমরা বাধা দেবো এবং এইখানে (কারওয়ান বাজার) আসছি মূলত খুচরা লেভেলে ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তারা যদি নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করেন, তাহলে এটা একটা পজিটিভ কাজ হবে।”
www.ctgmirror.com. এটি একটি জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল, যা সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে
তাৎক্ষণিক খবর, জাতীয়, রাজনীতি,অর্থনীতি, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলার আপডেট দেয়।
উপদেষ্টা সম্পাদকঃ মঈনুদ্দিন কাদেরী শওকত, সম্পাদকঃ জিয়া চৌধুরী।