
‘জুলাই ঘোষণাপত্র’ এবং প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন জাতীয় নির্বাচনের ঘোষণা- এই দুইটি উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, “আজকে প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন— একটি হলো জুলাই ঘোষণাপত্র এবং আরেকটি হলো জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের ঘোষণা। আমরা দুটো ঘোষণাকেই আন্তরিকভাবে স্বাগত জানাই।”
সালাহউদ্দিন আহমেদ বলেন, “এক বছর আগে এই দিনেই আমরা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছিলাম। হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ। বিগত ১৬ বছর ধরে যে অবিরাম গণতান্ত্রিক সংগ্রাম চলেছে এবং যারা এই সংগ্রামে রক্তদান করেছেন— তাদের সকলকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।”
তিনি বলেন, “২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন— তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও সমবেদনা জানাই। আজকের এই দিন আমাদের বিশাল অর্জনের প্রতীক। গত এক বছর ধরে দেশের মানুষ ও রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে আমরা বিভিন্ন কমিশনের সঙ্গে আলাপ-আলোচনা করে এসেছি।”
বিএনপির এই নেতা বলেন, “রাষ্ট্র কাঠামো, সংবিধান ও গণতন্ত্রের সংস্কার বিষয়ে আমরা একটি পর্যায়ে এসে ঐকমত্যে পৌঁছেছি। আশা করছি খুব শিগগিরই এই ঐকমত্য প্রাতিষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে এবং বাস্তবায়নের প্রক্রিয়াতেও আমরা সক্রিয় অংশগ্রহণ করব।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আগেও ছিল, তা আগামীতেও সমুন্নত থাকবে। এই ঐক্যকে শক্তিতে রূপান্তর করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ ও সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করব।”
সালাহউদ্দিন বলেন, “জুলাই ঘোষণাপত্রের যে সকল বিষয় রয়েছে— বিশেষ করে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি— তা আমরা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই ঘোষণাকে যথাযোগ্য মর্যাদায় সংবিধানে সংযোজন করা হবে এবং জুলাইয়ের যোদ্ধাদের ও শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন— তাদের আইনি ও রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রধান উপদেষ্টার মতোই প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি মানুষই আজ এই প্রতিশ্রুতিতে একমত।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও অবাধ পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন, তা গ্রহণযোগ্য। তিনি নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর ঘোষণা দিয়েছেন। আমরা আশা করি, রমজান শুরুর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও প্রতিষ্ঠিত হবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ সার্বিক পরিবেশে আর অনিশ্চয়তা থাকবে না। আমরা একটি গতিশীল রাষ্ট্রব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি।”
www.ctgmirror.com. এটি একটি জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল, যা সাহসী অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে
তাৎক্ষণিক খবর, জাতীয়, রাজনীতি,অর্থনীতি, বিনোদন, প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলার আপডেট দেয়।
উপদেষ্টা সম্পাদকঃ মঈনুদ্দিন কাদেরী শওকত, সম্পাদকঃ জিয়া চৌধুরী।