ঢাকাSunday , 3 August 2025
আজকের সর্বশেষ খবর

হাটহাজারীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী থানাধীন দক্ষিণ পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার পলাতক আসামি কামরুল ইসলাম ওরফে মনিরুল (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি কামরুলকে গ্রেফতারের জন্য ৩ আগস্ট রাত ১টা ৩০ মিনিটে দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদ রেললাইনের পশ্চিমে বালুর টাল সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামরুল পালানোর চেষ্টা করলে তাকে অস্ত্র ও মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথ, এসআই তানভীর আহতাম, এএসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মুবিনুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত কামরুল দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের ফতেয়াবাদ এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, তিনটি কার্তুজ (দুটি নীল ও একটি সাদা), ২০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১,৬৪০ টাকা উদ্ধার করা হয়। এরপর তার ঘরে অভিযান চালিয়ে আরও একটি লোহার ছেনি, একটি দা, চারটি ধারালো ছুরি এবং স্ত্রী কর্তৃক ফেলে যাওয়া একটি প্যাকেট থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মোট ওজন ৫.১ গ্রাম, আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

হাটহাজারী মডেল থানার এসআই রুপন নাথ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল তার কথিত স্ত্রী বৃষ্টি আকতারকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলাগুলোর মধ্যে রয়েছে—হত্যা মামলা, অস্ত্র মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা, যেগুলোর অধিকাংশই এখনো বিচারাধীন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, “ধৃত কামরুল ইসলাম একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং অস্ত্র ও মাদকসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হই।”

অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত কামরুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

------------------------------------   এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।