গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তুহিন। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে ৫ থেকে ৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে দৌঁড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তিনি। তবে হামলাকারীরা সেখানেও থেমে থাকেনি—দোকানের ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি কোপায়। মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।
পরে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি খায়রুল ইসলাম বলেন, “আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ তুহিন দৌড়ে এসে ঢোকে। তিনজন লোক ভেতরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। দোকানের বাইরে আরও দুইজন দাঁড়িয়ে ছিল রামদা নিয়ে। আমি বাধা দিতে গেলে আমাকেও কুপিয়ে হত্যার হুমকি দেয়।”বাসন থানার ওসি শাহিন খান জানান, কী কারণে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্তাধীন।

